ডিএনডি সেবার বিষয়ে কঠোর বিটিআরসি
প্রোমোশনাল বা নানা প্রতিষ্ঠানের বিরক্তিকর বিজ্ঞাপনভিত্তিক মেসেজে অতিষ্ঠ মোবাইল গ্রাহক। বিরক্তিকর এসব মেসেজ বা ক্যাম্পেইন বন্ধে 'ডু নট ডিস্টার্ব" বা ডিএনডি সেবা চালুর নীতিমালা আগে থাকলেও টেলিকম অপারেটররা এবিষয়ে অনেকটা ছিল বিমুখ।
এবার গ্রাহকদের সেবার মান রক্ষায় টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টি-ভ্যাস) সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণার পর ডিএনডি সেবা চালুর লক্ষ্যে উদ্যোগী হয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এখন থেকে চার মোবাইল অপারেটরের গ্রাহকেরা শর্টকোড ডায়াল করে ডিএনডি সেবা চালু করতে পারবেন। গ্রামীণফোন গ্রাহকেরা *১২১*১১০১#, বাংলালিংক গ্রাহকেরা *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল গ্রাহকেরা *৭# ডায়াল করে ডিএনডি সেবা চালু করতে পারবেন।
এসব বিষয়ে বিটিআরসির উপ-পরিচালক (মিডিয়া) মো. জাকির হোসেন খাঁন জানান, গ্রাহকদের কাছে যেসব ক্যাম্পেইন বিরক্তিকর মনে হবে সেগুলো যাতে নিজেরাই বন্ধ করতে পারে সেজন্য এই সুবিধা চালু করা হয়েছে।
এর আগে সম্প্রতি ১১টি টিভ্যাস প্রতিষ্ঠান পরিদর্শনকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পায় নিয়ন্ত্রক এই সংস্থাটি। বিটিআরসি বলছে, গ্রাহক স্বার্থ রক্ষায় শিগগিরি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কমিশন হতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এরূপ পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে।







